বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২ এপ্রিল ২০২৬, ৭:২১ পূর্বাহ্ন
শেয়ার

এবার বিদেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’


Bonolota-express

দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা করছে তানিম নূর পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, আগামী ৩ এপ্রিল থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট ৫২টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে।

প্রথম সপ্তাহে কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি ও যুক্তরাজ্যের ৪টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি। বিশ্বের প্রধান সিনেমা চেইন—যুক্তরাষ্ট্রের এএমসি ও রিগ্যাল, কানাডার সিনেপ্লেক্স ও যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ড সব জায়গাতেই থাকছে ছবিটি।

পরিচালক তানিম নূর জানান, তাঁর আগের ছবি ‘উৎসব’ দেশ-বিদেশে প্রশংসা পেয়েছিল। সে অভিজ্ঞতা থেকে তিনি আশা করছেন, প্রবাসী দর্শকদের কাছেও ‘বনলতা এক্সপ্রেস’ ভালো লাগবে। তিনি পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানান।

স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, বিশ্ববাজারে বাংলাদেশি সিনেমার অবস্থান শক্ত করতে ধারাবাহিক মানসম্মত চলচ্চিত্র দরকার। তাঁর মতে, ‘উৎসব’-এর পর ‘বনলতা এক্সপ্রেস’ সেই ধারাকে আরও এগিয়ে নিয়েছে এবং প্রথম সপ্তাহেই আগের ছবির চেয়ে বেশি প্রেক্ষাগৃহ পেয়েছে।

২১ মার্চ ঈদ উপলক্ষে দেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি ইতোমধ্যে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে এবং বক্স অফিসে সন্তোষজনক আয় করেছে। কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটিতে একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নানা চরিত্র ও সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে।

ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, মম, বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনারসহ আরও অনেকে। প্রযোজনায় আছে বুড়িগঙ্গা টকিজ, সহ–প্রযোজনায় হইচই স্টুডিওস।

প্রথম সপ্তাহে ছবিটি প্রদর্শিত হবে—
কানাডায়: টরন্টো, ভ্যানকুভারসহ বিভিন্ন শহরে
যুক্তরাষ্ট্রে: নিউইয়র্ক, ডালাস, হিউস্টন, ওয়াশিংটন ডিসি
যুক্তরাজ্যে: লন্ডন, বার্মিংহামসহ গুরুত্বপূর্ণ শহরগুলোয়।