
মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে দেওয়া সাম্প্রতিক বক্তব্য নিয়ে তাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) কুষ্টিয়ার মো. হৃদয় হাসান নামের এক ব্যক্তি জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে নোটিশটি পাঠান।
নোটিশে মুফতি আমির হামজাকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ বন্ধ করতে তাকে যারা ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দিয়েছে বলে তিনি দাবি করেছেন—তাদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে অথবা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।
লিগ্যাল নোটিশে আরও বলা হয়, সাম্প্রতিক বিভিন্ন জনসভায় আমির হামজা অভিযোগ করেছিলেন যে, তিন দিনের মধ্যে তাকে ৫০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানান, যা ২৭ ফেব্রুয়ারি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
নোটিশদাতার ভাষ্যে, বিষয়টি পুনরায় ২৭ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসার পর দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।










































