শুক্রবার । এপ্রিল ৩, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৩ এপ্রিল ২০২৬, ৯:০২ অপরাহ্ন
শেয়ার

ইরান উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা ব্যয় ১.৫ ট্রিলিয়ন ডলার বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের


Trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরান যুদ্ধ ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা ব্যয় ১.৫ ট্রিলিয়ন ডলার বাড়ানোর প্রস্তাব দেশটির কংগ্রেসে উপস্থাপন করেছেন।

মার্কিন কর্মকর্তাদের মতে, এই প্রস্তাব অনুমোদন পেলে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং এটি সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিগুলোর একটি হতে পারে।

ট্রাম্প প্রশাসনের দাবি, সামরিক প্রস্তুতি জোরদার করা, অস্ত্র ব্যবস্থার আধুনিকীকরণ এবং বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার জন্য এই অতিরিক্ত অর্থ প্রয়োজন।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই প্রস্তাব সামনে এসেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্র তার সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।

ট্রাম্প এবং তার মন্ত্রিসভার কয়েকজন কট্টরপন্থি নীতিনির্ধারক দীর্ঘদিন ধরে ন্যাটো সদস্য ও যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন। ট্রাম্প বহুবার বলেছেন, বৈশ্বিক নিরাপত্তা বজায় রাখতে যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত বোঝা বহন করতে হচ্ছে।

প্রতিরক্ষা নীতির বিষয়ে আগেও ট্রাম্প বলেছেন, সম্ভাব্য প্রতিপক্ষকে প্রতিহত করতে এবং জাতীয় স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রকে শক্তিশালী সামরিক সক্ষমতা বজায় রাখতে হবে।

এদিকে প্রস্তাবটি এখন কংগ্রেসে আলোচনার জন্য যাচ্ছে। সেখানে আইনপ্রণেতারা ব্যয় বৃদ্ধির পরিমাণ এবং এটি ফেডারেল বাজেটের ওপর কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিতর্ক করবেন।