
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের বলি হয়ে বাহরাইনে নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা এস এম তারেকের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় তার মরদেহবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে নিহতের মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং শামা ওবায়েদ।
সম্প্রতি ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এর ধারাবাহিকতায় বাহরাইনের রাজধানী মানামার অদূরে একটি সামুদ্রিক এলাকায় অবস্থানরত জাহাজে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হানে।
এতে দীর্ঘ ১৭ বছর ধরে প্রবাসে কর্মরত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা তারেক নিহত হন এবং আরও দুইজন বাংলাদেশি কর্মী আহত হন।
মরদেহ গ্রহণ শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সরকার শুরু থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি নিহত তারেকের পরিবারের জন্য দাফন ও পরিবহন বাবদ ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। এছাড়া বিমার আওতায় পরবর্তীতে পরিবারটিকে ৩ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।
প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, সরকারি নিয়মিত সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এই পরিবারের পাশে আরও কীভাবে দাঁড়ানো যায় এবং আহতদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা যায়, সে বিষয়েও কাজ চলছে। দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে নিথর দেহে তারেকের এই ফিরে আসায় তার নিজ গ্রাম সন্দ্বীপে শোকের ছায়া নেমে এসেছে।









































