
ছবি: সংগৃহীত
তুরস্কের ইস্তাম্বুলে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক চলাকালেই ইউক্রেনজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর এই সিরিজ হামলায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ইউক্রেনের খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, খারকিভ শহরসহ আশপাশের এলাকায় রুশ হামলায় ৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া সুমি এলাকায় ড্রোন হামলায় একটি শিশুসহ আরও ১১ জন আহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিকোপোল শহরের একটি বাজারে ড্রোন হামলায় ৫ জন নিহত এবং ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া ২৮৬টি ড্রোনের মধ্যে তারা ২৬০টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে বাকি ড্রোনগুলো বিভিন্ন স্থাপনায় আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাল্টা হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলেও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইস্তাম্বুলে বৈঠককালে এরদোয়ান ও জেলেনস্কি আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা করেন। তুরস্ক জানিয়েছে, তারা দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা অব্যাহত রাখবে। তবে ভূখণ্ড নিয়ে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা এখনো সফলতার মুখ দেখছে না।








































