বুধবার । এপ্রিল ৮, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৭ এপ্রিল ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
শেয়ার

পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়লেন আর্টেমিস টু-এর নভোচারীরা


artemis 2

নভোচারীরা প্রায় ২,৫২,৭৫৬ মাইল দূরত্বে পৌঁছাবেন বলে জানা গেছে

মানব ইতিহাসে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার নতুন রেকর্ড গড়েছেন আর্টেমিস টু-এর নভোচারীরা। ৬ এপ্রিল মিশনের ষষ্ঠ দিনে অভিযানের চার নভোচারী প্রায় ২,৪৮,৬৫৫ মাইল দূরত্ব অতিক্রম করে আগের রেকর্ড ভেঙে দেন।

নভোচারীরা প্রায় ২,৫২,৭৫৬ মাইল দূরত্বে পৌঁছাবেন বলে জানা গেছে। এরপর তারা আবার পৃথিবীর দিকে ফিরে আসবেন।

এই চার নভোচারী অরিয়ন মহাকাশযানে করে চাঁদের চারপাশে ভ্রমণ করছেন এবং যাত্রাপথে চাঁদের ছবি সংগ্রহ করছেন।

নাসার কর্মকর্তারা জানিয়েছেন, এই মিশন কেবল রেকর্ড গড়ার জন্য নয়, বরং ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

আর্টেমিস টু মিশনটি ১ এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। পরদিন পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে মহাকাশযানটি চাঁদের দিকে যাত্রা শুরু করে।

চাঁদের কাছাকাছি পৌঁছানোর সময় তারা চাঁদ থেকে প্রায় ৪,০৬৭ মাইল দূরত্বে অবস্থান করবেন এবং চাঁদের এমন কিছু অংশ দেখবেন, যা আগে কোনো মানুষ সরাসরি দেখেনি। এছাড়া তারা একটি সূর্যগ্রহণও প্রত্যক্ষ করবেন, যখন চাঁদ সূর্যের সামনে দিয়ে অতিক্রম করবে।

তবে এই সময় প্রায় ৪০ মিনিটের জন্য পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে, কারণ চাঁদ মহাকাশযান ও পৃথিবীর মধ্যে সিগন্যাল বাধাগ্রস্ত করবে। পরে পুনরায় যোগাযোগ স্থাপিত হবে।

মিশনটির অর্ধেকের বেশি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ১০ এপ্রিল ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর উপকূলে নভোচারীদের অবতরণের কথা রয়েছে।

নাসা জানিয়েছে, আর্টেমিস কর্মসূচির অধীনে ভবিষ্যতে আরও জটিল মিশনের মাধ্যমে চাঁদে গবেষণা, অর্থনৈতিক কার্যক্রম এবং পরবর্তীতে মঙ্গল গ্রহে মানব অভিযানের ভিত্তি তৈরি করা হবে।