বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বিনোদন ডেস্ক বিনোদন ৭ এপ্রিল ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
শেয়ার

১১ দিনেই ৩ কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’


bonolota-express

ছবি: সংগৃহীত

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ বক্স অফিসে বাজিমাত করেছে। মুক্তির প্রথম সপ্তাহে তুলনামূলক কম শো পেলেও দর্শকদের প্রবল আগ্রহের কারণে দ্বিতীয় সপ্তাহে এসে দাপট দেখাচ্ছে সিনেমাটি। অভাবনীয় দর্শক চাহিদার জেরে মাত্র ১১ দিনের মাথায় ৩ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে তারকাবহুল এই চলচ্চিত্রটি। পরিচালক তানিম নূর নিজেই এই সাফল্যের খবর নিশ্চিত করেছেন।

হিসাব অনুযায়ী, দেশের প্রধান প্রধান মাল্টিপ্লেক্সগুলো থেকে ‘বনলতা এক্সপ্রেস’-এর মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে কেবল স্টার সিনেপ্লেক্স থেকেই আয় হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা। এছাড়া ব্লকবাস্টার সিনেমাস থেকে ৪২ লাখ ৩৩ হাজার, লায়ন সিনেমাস থেকে ১২ লাখ ২৯ হাজার এবং কে-স্ক্রিন থেকে ৫ লাখ ৫৮ হাজার টাকা আয় করেছে সিনেমাটি।

বর্তমানে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২৮টি শো চললেও দর্শক চাপে তা বাড়িয়ে ৩৩টিতে উন্নীত করা হয়েছে। তবে অনেক দর্শক টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন এবং শোর সংখ্যা আরও বাড়ানোর দাবি তুলেছেন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, টিকিট সংকটের কারণে অনেককে বাধ্য হয়ে অন্য সিনেমা দেখতে হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

দর্শকদের এমন সাড়ায় উচ্ছ্বসিত পরিচালক জানান, পরিবার ও বন্ধুদের নিয়ে দলবেঁধে সিনেমাটি দেখতে আসা মানুষের এই ভালোবাসাই তাদের সবচেয়ে বড় পাওয়া।

দেশের সাফল্যের গণ্ডি পেরিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ এখন আন্তর্জাতিক বাজারেও দ্যুতি ছড়াচ্ছে। উত্তর আমেরিকা ও ইউরোপের তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। আন্তর্জাতিক পরিবেশক সংস্থা ‘স্বপ্ন স্কেয়ারক্রো’র তথ্যানুযায়ী, এএমসি, রিগ্যাল ও সিনেওয়ার্ল্ডের মতো বিশ্বের নামি সিনেমা চেইনগুলোর পর্দায় এখন বাংলাদেশের এই সিনেমা দেখা যাচ্ছে।

নন্দিত কথাসাহিত্যিক হূমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি ট্রেন যাত্রার যাত্রীদের জীবনের নানা গল্প নিয়ে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও একঝাঁক জনপ্রিয় তারকার অভিনয় সিনেমাটিকে দর্শকদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।