শুক্রবার । এপ্রিল ১০, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করে দিল ইরান


hormuz

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির আওতায় প্রতিদিন সর্বোচ্চ ১৫টি জাহাজ এই প্রণালি পাড়ি দেওয়ার সুযোগ পাবে। রাশিয়ার সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে যাওয়া ইরানের একটি কূটনৈতিক সূত্র দাবি করেছে, এখন থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণভাবে ইরানের অনুমোদন ও বিশেষ প্রটোকলের ওপর নির্ভরশীল হবে। এই পুরো বিষয়টি সরাসরি তদারকি করছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধ-পূর্ববর্তী সেই স্বাভাবিক অবস্থায় আর ফিরে যাওয়ার সুযোগ নেই এবং এই নতুন নিয়ন্ত্রক কাঠামোর মাধ্যমেই এখন থেকে জাহাজ চলাচল করতে হবে।

যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইরান তাদের বিদেশে অবরুদ্ধ অর্থনৈতিক সম্পদ দ্রুত মুক্ত করার দাবি জানিয়েছে। তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, আগামী দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে কোনো সমাধান না আসলে পরিস্থিতি আবারও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এছাড়া যুদ্ধের স্থায়ী সমাপ্তির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি এবং প্রস্তাব পাসের দাবিও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের পারস্পরিক যুদ্ধবিরতির ঘোষণা দেন। ইরানের প্রস্তাবিত ১০ দফা আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করার পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়।

এই সংকটের সমাধানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মধ্যস্থতাকারী হিসেবে আজ শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদে উভয় পক্ষকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন। যদি শর্ত অনুযায়ী প্রস্তাব পাস না হয়, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় আরও শক্তিশালী সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান।