শুক্রবার । এপ্রিল ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ১০ এপ্রিল ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
শেয়ার

হামে আরো ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮


ham

ফাইল ছবি

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১৬৮ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ২৭ দিনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭ জনে।

শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৯ এপ্রিল সকাল ৮টা থেকে ১০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে ১ হাজার ১৭৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ১৬৮ জনের দেহে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪ শিশু।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৬৫৯ জন শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০৮ জন। এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৮ হাজার ৯১০ জন শিশু, যাদের মধ্যে ৬ হাজার ৬০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সব মিলিয়ে গত ২৭ দিনে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪০৯ জনে এবং প্রাণ হারিয়েছে ১৬৭ জন শিশু। হঠাৎ করে হামের এই সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।