মঙ্গলবার । এপ্রিল ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ এপ্রিল ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
শেয়ার

ভারতীয় ভিসা চালু নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা


ভারতীয় ভিসা চালু নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

ভারতের ভিসা নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। দেশটির সাথে ফলপ্রসূ আলোচনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আগামী সপ্তাহ থেকে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা চালু করবে ভারত।’

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রুটিন বৈঠকের পর সংবাদমাধ্যমকে তিনি এসব তথ্য জানান। হুমায়ূন কবির বলেন, ‘মেডিকেল, বিজনেস ভিসা দ্রুত চালু করার কথা বলা হয়েছে ভারতের সঙ্গে। হয়তো আগামী সপ্তাহে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।’

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য ভারতকে বার্তা দেওয়া হয়েছে। হুমায়ূন কবির বলেন, ‘শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক। তাদের আর বাংলাদেশে গুরুত্ব নেই। শেখ হাসিনার বিষয়ে জুডিশিয়াল প্রসেসে এগোনো হবে।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দায়ে অভিযুক্ত দুই আসামি ভারতে গ্রেফতার হয়েছে। ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন হুমায়ুন কবির।

এদিকে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সার্কভুক্ত দেশগুলোতেও প্রথম সফর হতে পারে। তবে এখনো কিছু ফাইনাল হয়নি, তবে ব্যাপারটি বিবেচনাধীন আছে।’

বর্তমান সরকার সবসময় জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের মানুষ নির্বাচিত সরকারের পক্ষে আছেন, তাই বড় গলায় কথা বলতে পারি। দেশকে বিক্রি করে বিএনপি সরকার কিছুই করবে না।’

জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের সঙ্গে সম্পর্কে অবনতি হয় বাংলাদেশের। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তবে ‘পজিটিভ মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি সম্ভব’ বলে মনে করছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।