
বাংলাদেশের শিশুদের সুরক্ষায় বড় ধরনের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য ২ কোটি ১৯ লাখেরও বেশি হাম-রুবেলা টিকা সরবরাহ করবে দেশটি।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।

এই কর্মসূচির আওতায় ২ কোটি ১৯ লাখের বেশি টিকা দেওয়া হবে, যা প্রায় ১ কোটি ২০ লাখ শিশুকে হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দেবে।
দূতাবাস জানায়, এটি যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র অংশ। তাদের মতে, বিশ্বের যেকোনো দেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে থাকলে তা যুক্তরাষ্ট্রসহ সব দেশকেই নিরাপদ রাখে এবং বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করে।



































