
আগামী ২৩ এপ্রিল নিউইয়র্কে আয়োজন করা হবে জমকালো ‘টাইম ১০০ গালা’
বিশ্ব বিনোদন ও সংস্কৃতির মোড় ঘুরিয়ে দেওয়া প্রভাবশালী তারকাদের তালিকা প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক ম্যাগাজিন টাইম। গতকাল বুধবার প্রকাশিত এই তালিকায় জায়গা করে নিয়েছেন হলিউডের জোয়ি সালডানা থেকে শুরু করে বলিউডের রণবীর কাপুর। প্রতি বছরের মতো এবারও বিনোদন জগতের এমন সব তারকাদের বেছে নেওয়া হয়েছে যারা কেবল পর্দার চরিত্র নন বরং বৈশ্বিক সংস্কৃতির প্রতিনিধি হয়ে উঠেছেন।
এবারের তালিকায় বিশেষ নজর কেড়েছেন অভিনেত্রী ডাকোটা জনসন, কেট হাডসন এবং অভিনেতা ইথান হক। টাইমের মতে আজকের ডিজিটাল যুগে স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া মানুষের চিন্তাভাবনায় যে প্রভাব ফেলছে তার নেপথ্য কারিগর এই শিল্পীরাই। এছাড়া কে-পপ সেনসেশন জেনি এবং গায়ক জনাথন গ্রফও তাদের ব্যতিক্রমী কাজের জন্য এই সম্মানজনক তালিকায় স্থান পেয়েছেন। অভিনেতা রণবীর কাপুরের নাম এই তালিকায় থাকাটি দক্ষিণ এশীয় চলচ্চিত্রের ক্রমবর্ধমান প্রভাবকেই স্পষ্ট করে।
ম্যাগাজিনটির সম্পাদকীয় পর্ষদ জানিয়েছে এবারের তালিকায় থাকা তারকারা শুধু অভিনয় বা গানেই সীমাবদ্ধ নন তারা ফ্যাশন, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক আন্দোলনেও জোরালো ভূমিকা রাখছেন। এই তারকাদের সম্মান জানাতে আগামী ২৩ এপ্রিল নিউইয়র্কে আয়োজন করা হবে জমকালো ‘টাইম ১০০ গালা’। যেখানে বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতিতে থাকবে বিশেষ পারফরম্যান্স এবং রেড কার্পেটের গ্ল্যামার।

টাইম ম্যাগাজিনের এই তালিকাটি প্রমাণ করে যে বিনোদন জগত এখন কেবল নিছক বিনোদনের মাধ্যম নয় বরং তা বিশ্ব রাজনীতি ও সমাজব্যবস্থার সমান্তরাল প্রভাব বিস্তার করছে। জোয়ি সালডানা বা রণবীর কাপুরের মতো শিল্পীরা কীভাবে তাদের কাজের মাধ্যমে আগামীর বিশ্বকে নতুন রূপ দেন সেটাই এখন দেখার বিষয়।











































