রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৭ জানুয়ারি ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শেয়ার

হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত পাবনা, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে


Nikli-Temperature

ফাইল ছবি

হাড়কাঁপানো শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে পাবনার জনজীবন। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে সূর্যের দেখা মিলছে না দিনের পর দিন। কনকনে ঠান্ডার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষজন। এতে জেলার স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় পাবনার ঈশ্বরদীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি এবং রবিবার ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, গত কয়েকদিন ধরে ঈশ্বরদীসহ পাবনা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে রাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সূর্যের আলো না থাকায় দিনের বেলাতেও ঠান্ডা কমছে না।

তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যানচালক ও কৃষিশ্রমিকরা। সকালে কাজে বের হতে না পারায় আয়-রোজগার ব্যাহত হচ্ছে। অন্যদিকে, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্কদের হাসপাতালে ভিড় বাড়ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন পাবনাসহ উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এ অবস্থায় শীত থেকে রক্ষা পেতে গরম কাপড় ব্যবহারের পাশাপাশি সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।