রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৭ জানুয়ারি ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শেয়ার

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে


temperature

সংগৃহীত ছবি

হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। কনকনে ঠান্ডার সঙ্গে সারা রাত বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

তীব্র শীতের কারণে সন্ধ্যা নামলেই গরম কাপড়ের আশ্রয় নিচ্ছেন স্থানীয়রা। ফুটপাতগুলোতে গরম কাপড়ের বেচা-কেনাও বেড়েছে। রাতে কাঁথা ও কম্বল ছাড়া ঘুমানো কষ্টকর হয়ে পড়েছে বলে জানান বাসিন্দারা।

শীতের প্রভাবে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে শিশু ও বয়স্কদের সর্দি, জ্বরসহ শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। চিকিৎসকেরা এ সময় সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

এদিকে, রাত ও সকালে কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তেঁতুলিয়াসহ উত্তরের জেলাগুলোতে শীতের তীব্রতা আরও অনুভূত হতে পারে।