শনিবার । মে ২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২২ জানুয়ারি ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

কাতার, সৌদি আরবসহ ৮ দেশ থাকছে গাজা ‘শান্তি পর্ষদে’


Gaza-peace

গাজা শাসনব্যবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘শান্তি পরিষদে’ যোগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার। বুধবার আট দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে খালিজ টাইমস।

বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের আমন্ত্রণে এসব দেশ শান্তি পরিষদে অংশ নিতে সম্মত হয়েছে এবং নিজ নিজ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই নথিতে স্বাক্ষর করবে। এর আগে মিশর, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত যোগদানের কথা জানায়।

আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ট্রাম্পের নেতৃত্বাধীন শান্তি উদ্যোগে সমর্থন জানিয়ে গাজায় সংঘাত অবসানের বিস্তৃত পরিকল্পনায় অংশ নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাব অনুযায়ী একটি অন্তর্বর্তী সংস্থা হিসেবে শান্তি পরিষদের ম্যান্ডেট বাস্তবায়নে তারা অঙ্গীকার করেন।

শান্তি পরিষদের লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা, গাজার পুনর্গঠনে সহায়তা এবং আন্তর্জাতিক আইনের আলোকে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি এগিয়ে নেওয়া। এদিকে গত সপ্তাহে কায়রোয় জাতীয় গাজা ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়, যা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসের পরিবর্তে গাজার দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা করবে।