
শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া তিন বছরের শিশু মিসবাহকে চার ঘণ্টা পর উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার প্রাণ রক্ষা করা যায়নি। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর বড়ুয়া পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত মিসবাহ তার বাড়ির পাশে থাকা খোলা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা চেষ্টা চালানোর পর রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল ৫টার দিকে শিশুটি বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। উদ্ধার শেষে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










































