
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া তিন বছর বয়সী শিশু মো. মিসবাহ উদ্দিনকে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার শেষে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। মিসবাহ উদ্দিনের বাবা সাইফুল ইসলাম।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান জানান, রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উদ্ধার মুহূর্তে শিশুটি জীবিত ছিল কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাড়ি থেকে প্রায় ৩০ থেকে ৪০ ফুট দূরে চার-পাঁচ বছর আগে সরকারিভাবে গভীর নলকূপ বসানোর জন্য গর্ত খোঁড়া হলেও নলকূপ স্থাপন করা হয়নি। ওই খোলা গর্তেই খেলতে গিয়ে শিশুটি পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যরা মূল গর্তের পাশে আরেকটি গর্ত খুঁড়ে নিচের দিকে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান। এ সময় ক্যামেরার মাধ্যমে গর্তের ভেতরে শিশুটির অবস্থান শনাক্ত করা হয় এবং নিঃশ্বাস নেওয়ার সুবিধার্থে ভেন্টিলেশনের ব্যবস্থাও করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, বিকেলে ভাই-বোন একসঙ্গে পাশের একটি ট্যাংক থেকে পানি পান করতে যায়। এ সময় মিসবাহ পাশের গভীর নলকূপের গর্তে পড়ে যায়। তার বোন হাত ধরে তোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান আরও জানান, শিশুটি প্রায় ২৫ ফুট গভীর নলকূপের গর্তে পড়ে যায়। পরে পাইপের পাশ দিয়ে মাটি খনন করে নিচে পৌঁছে তাকে উদ্ধার করা সম্ভব হয়।
উল্লেখ্য, এর আগে গত ডিসেম্বরে রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে নিখোঁজ হয়েছিল ২ বছরের শিশু সাজিদ। পরে প্রায় ৩২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।










































