
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বগুড়া থেকে সরাসরি আবু সাঈদের বাড়িতে আসেন তিনি।
শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবুনপুর গ্রামে এসে তারেক রহমান পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত শেষে মোনাজাত করা হয়।
কবর জিয়ারতের পর আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, ভাই আবু হোসেনসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে তারেক রহমান রংপুরের ঈদগাহ মাঠের উদ্দেশ্যে রওনা দেন। দীর্ঘ ২০ বছর পর বিএনপি চেয়ারম্যান রংপুরে আসলেন।









































