রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৫


নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী ভ্যানে বালুভর্তি ড্রামট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠি শিবপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে চারটার দিকে মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি দ্রুতগতির ডাম্প ট্রাক পাঠকাঠি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আরও তিনজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন— উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন (৫০), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)। আহত সামন্ত একই গ্রামের রমেসের ছেলে।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা ভ্যানে থাকা অন্য চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। এছাড়া সামন্ত (৩০) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস জানান, ভোর পাঁচটার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান। এই ঘটনায় মোট ৫ জন মারা গেছে।