
আসমা সাদিয়া রুনা।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কার্যালয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে, বিভাগীয় চেয়ারম্যানের কক্ষে এ ঘটনা ঘটে।
নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডা. ইমাম হোসাইন। তিনি জানান, গুরুতর রক্তক্ষরণজনিত আঘাত নিয়ে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সময় একই কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে আত্মহননের চেষ্টা অবস্থায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেলে চেয়ারম্যানের কক্ষে প্রথমে শিক্ষক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করা হয়। একই সময় সেখানে ফজলুর রহমান আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্য ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।
ঘটনার বিস্তারিত জানার পাশাপাশি হামলার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।





































