
রাশমিকা মান্দানা
আন্তর্জাতিক মঞ্চে আবারও ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আগামী ২৩ মে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য ‘১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দেখা যাবে তাকে।
গত বছর ২০২৪ সালে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়ে ইতিহাস গড়েছিলেন রাশমিকা। এবার দ্বিতীয়বারের মতো তিনি ফিরছেন একই অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব নিয়ে।
এবারের আসরে রাশমিকা মান্দানার সঙ্গে অন্যতম বড় আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত কানাডিয়ান গায়ক দ্য উইকেন্ড (আবেল টেসফায়ে)।

সম্প্রতি বিয়ে ও হানিমুন শেষ করে কাজে ফিরেছেন রাশমিকা। বর্তমানে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে ব্যস্ত রয়েছেন।
তার সাম্প্রতিক সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর পর আগামী ১৯ জুন মুক্তি পাবে তার নতুন হিন্দি সিনেমা ‘ককটেল টু’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন। এছাড়া চলতি বছর তার দুটি তেলেগু সিনেমা ‘মাইসা’ ও ‘রণবালী’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসে সঞ্চালনার মাধ্যমে রাশমিকা মান্দানা আবারও প্রমাণ করতে চলেছেন যে, তিনি শুধু ভারতীয় সিনেমার তারকাই নন, আন্তর্জাতিক মঞ্চেও সমানভাবে উজ্জ্বল।










































