বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৪ মার্চ ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
শেয়ার

দুর্নীতির অভিযোগের পর ব্যাংক হিসাব প্রকাশ করলেন আসিফ মাহমুদ


Asif-mahmud

দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর এলাকায় অবস্থিত জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, তাঁর বাবার পাঁচটি ব্যাংক হিসাবে মোট জমা রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে বাবার নামে ১০ লাখ টাকার সার্ভিস ঋণ রয়েছে, যার মধ্যে বকেয়া ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। জমা অর্থের সঙ্গে ঋণের হিসাব সমন্বয় করলে বাবার হিসাবে এখনো ৮২ হাজার ৪৫ টাকা দেনা রয়েছে।

এ ছাড়া তাঁর মায়ের হিসাবে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর হিসাবে মাত্র ৬১৩ টাকা রয়েছে বলে জানান তিনি।

নিজের হিসাব সম্পর্কে তিনি বলেন, বর্তমানে সোনালি ব্যাংকের একটি সেভিংস হিসাবে রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা। উপদেষ্টা থাকাকালে পাওয়া বেতন-ভাতা, সরকারি পাঁচটি বিদেশ সফরের টিএ-ডিএ এবং অন্যান্য ভাতা তাঁর বেতন হিসাবে জমা হয়েছে।

তিনি দাবি করেন, সরকারে যোগদানের আগে তাঁর হিসাবে ছিল ৫০ হাজার টাকা। উপদেষ্টা থাকাকালে মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা এবং উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে তাঁর হিসাবে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।

এর আগে ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত সোমবার (২ মার্চ) দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠায়।

এ প্রসঙ্গে আসিফ মাহমুদ অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি সামনে এনেছে। তাঁর ভাষ্য, দায়িত্ব ছাড়ার সময় এ ধরনের কোনো অভিযোগ ওঠেনি; সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা শুরু হওয়ার পরই এসব গুঞ্জন ছড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, ব্যাংক হিসাব তলবকে ঘিরে ‘রহস্য তৈরির চেষ্টা’ হচ্ছিল বলেই আগেভাগে সব তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন।