
টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো বিধ্বস্ত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে একপেশে লড়াইয়ে ১৬৯ রানের লক্ষ্য ৯ উইকেট ৪৩ বল হাতে রেখেই টপকে যায় কিউইরা।
ম্যাচের আগে পরিসংখ্যান ছিল দারুণ জমজমাট। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের পাঁচ দেখায় প্রতিবারই নিউজিল্যান্ডকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আবার আইসিসি আয়োজিত নকআউট ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে কখনো হারেনি নিউজিল্যান্ড। ফলে সেমিফাইনালে এক পক্ষের অজেয় রেকর্ড ভাঙা ছিল সময়ের অপেক্ষা। তবে ম্যাচটি যে এতটা একপেশে হবে, তা খুব কম লোকই ধারণা করেছিলেন।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক দ্রুত বিদায় নেন, রায়ান রিকেলটন ফেরেন গোল্ডেন ডাক মেরে। অল্প রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এইডেন মারক্রাম ও ডেওয়াল্ড ব্রেভিস কিছুটা প্রতিরোধ গড়লেও তা বড় সংগ্রহের ভিত গড়তে পারেনি। ডেভিড মিলারও ব্যর্থ হন বড় মঞ্চে।
মাঝের ধাক্কা সামলে শেষ দিকে ঝড় তোলেন মার্কো ইয়ানসেন। ত্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে রান তোলার গতি বাড়ান তিনি। শেষ পর্যন্ত ৩০ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রানে পৌঁছে দেন ইয়ানসেন। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি, কোল ম্যাককঞ্চি ও রাচিন রবীন্দ্র নেন দুটি করে উইকেট।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন দুই ওপেনার ফিন অ্যালেন ও টিম সাইফার্ট। পাওয়ারপ্লের ৬ ওভারেই বিনা উইকেটে ৮৪ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কিউইরা। দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন দুজনই।
সাইফার্ট ৩৩ বলে ৫৮ রান করে আউট হলেও অন্য প্রান্তে অপ্রতিরোধ্য ছিলেন ফিন অ্যালেন। ২৬ বছর বয়সী এই ওপেনার মাত্র ৩৩ বলে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি—টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম শতকের কীর্তি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয় এনে দেন তিনি। তিন নম্বরে নেমে রাচিন রবীন্দ্র করেন ১৩ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র উইকেটটি নেন কাগিসো রাবাদা।
এই জয়ে ২০২১ আসরের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। আগামী ৮ মার্চ আহমেদাবাদে শিরোপার লড়াইয়ে স্বাগতিক ভারত বা ইংল্যান্ডের মুখোমুখি হবে ব্ল্যাক ক্যাপসরা।








































