
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (৮ মার্চ) রাজধানীর দিয়াবাড়ি মেট্রোরেল ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি সতর্ক করে বলেন, তেলের সংকটের অজুহাত দেখিয়ে ঈদযাত্রা ব্যাহত করা বা অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না।
সড়ক পরিবহন মন্ত্রী এদিন সচিবালয় স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে দিয়াবাড়ি ডিপোতে যান। পরিদর্শন শেষে তিনি জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুত অত্যন্ত সন্তোষজনক ও নিরাপদ পর্যায়ে রয়েছে। ফলে তেলের ঘাটতির কারণে ঈদে ঘরমুখী মানুষের যাতায়াতে কোনো সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা নেই। বাসসহ অন্যান্য গণপরিবহনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ঢাকার যানজট নিরসনে মেট্রোরেলের সঙ্গে মনোরেলসহ অন্যান্য গণপরিবহন ব্যবস্থাকে সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যা পর্যায়ক্রমে কার্যকর করা হবে।
ইতোমধ্যে মেট্রোরেলের সেবা নগরবাসীর কাছে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, রাজধানীকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব যাতায়াত ব্যবস্থার আওতায় আনতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।









































