মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৯ মার্চ ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
শেয়ার

এইচআরডব্লিউ'র প্রতিবেদন

লেবাননে আবাসিক এলাকায় নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল


Lebanon

সাদা ফসফরাসের দাহ্য প্রভাব মানুষের মৃত্যু ঘটাতে পারে অথবা এমন ভয়াবহ আঘাত সৃষ্টি করতে পারে, যার ফলে ভুক্তভোগীদের সারাজীবন কষ্ট ভোগ করতে হয়

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, চলতি মাসের শুরুতে দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় ইসরায়েল সাদা ফসফরাস ব্যবহার করেছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে নিউইয়র্কভিত্তিক এই সংস্থাটি জানায়, দক্ষিণ লেবাননের ইয়োহমর এলাকায় আবাসিক এলাকার ওপর নিক্ষিপ্ত সাদা ফসফরাস গোলার সাতটি ছবি তারা যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে। ৩ মার্চ সেখানে হামলার পর অন্তত দুটি বাড়িতে আগুন ধরে যায়।

এইচআরডব্লিউ-এর লেবাননবিষয়ক গবেষক রামজি কাইস বলেন, আবাসিক এলাকার ওপর ইসরায়েলি বাহিনীর সাদা ফসফরাসের অবৈধ ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক এবং এতে বেসামরিক মানুষের জন্য ভয়াবহ পরিণতি হতে পারে।

তিনি বলেন, সাদা ফসফরাসের দাহ্য প্রভাব মানুষের মৃত্যু ঘটাতে পারে অথবা এমন ভয়াবহ আঘাত সৃষ্টি করতে পারে, যার ফলে ভুক্তভোগীদের সারাজীবন কষ্ট ভোগ করতে হয়।

প্রতিবেদনে বলা হয়, জনবসতিপূর্ণ এলাকায় আকাশে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়া সাদা ফসফরাস ব্যবহার করা নির্বিচার হামলার শামিল এবং এটি আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।

সাদা ফসফরাস একটি রাসায়নিক পদার্থ, যা অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে। এর ফলে ঘরবাড়ি, কৃষিজমি এবং অন্যান্য বেসামরিক স্থাপনায় আগুন ধরে যেতে পারে।

এইচআরডব্লিউ জানায়, ইয়োহমর এলাকায় বেসামরিক মানুষের বসতিপূর্ণ জায়গার ওপর এসব গোলা ব্যবহার করা হয়েছে, যার ফলে বাড়িঘর ও অন্যান্য সম্পত্তিতে আগুন লাগে।

সংস্থাটি লেবাননের স্থানীয় গণমাধ্যমে ৩ মার্চ সকালে প্রকাশিত একটি ছবিও যাচাই ও অবস্থান নির্ধারণ করেছে। ছবিতে দেখা যায়, একটি আবাসিক এলাকার ওপর অন্তত দুটি সাদা ফসফরাস গোলা আকাশে বিস্ফোরিত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোঁয়ার আকৃতি এম৮২৫ সিরিজের ১৫৫ মিলিমিটার আর্টিলারি শেলের সঙ্গে মিল রয়েছে, যেগুলোতে সাদা ফসফরাস থাকে।

এছাড়া ইয়োহমরের ইসলামিক হেলথ কমিটির সিভিল ডিফেন্স দলের ফেসবুক পেজে প্রকাশিত কয়েকটি ছবিও যাচাই করেছে এইচআরডব্লিউ। সেখানে দেখা যায়, উদ্ধারকর্মীরা বাড়ির ছাদ ও একটি গাড়িতে লাগা আগুন নেভানোর চেষ্টা করছেন।

এদিকে ইসরায়েলের জোরপূর্বক উচ্ছেদ নির্দেশনার কারণে লেবাননে ইতোমধ্যে পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।