
ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ৩টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয়, দেশটির ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্ট ভোটাভুটির মাধ্যমে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে।
সংস্থাটি নতুন নেতার প্রতি সমর্থন জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার স্ত্রী ও মেয়েসহ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মোজতবা খামেনি কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশ নেননি। তবে তার বাবা ক্ষমতায় থাকাকালে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল। বিশেষ করে তিনি দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন।
বাবা বয়সের ভারে নুয়ে পড়ার পর থেকেই তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল। যদিও ৫৬ বছর বয়সী মোজতবা নিজে এ বিষয়ে কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি।
এদিকে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হলে তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি ইরানের নেতৃত্ব নির্বাচনে যুক্তরাষ্ট্রকে সরাসরি সম্পৃক্ত করার কথাও বলেন।
তবে ট্রাম্পের ওই মন্তব্য উপেক্ষা করে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলেকেই নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট।
সূত্র: আল জাজিরা।






































