সোমবার । মার্চ ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ মার্চ ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
শেয়ার

‘ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে’


jaber

ইনকিলাব মঞ্চের দস্যসচিব আব্দুল্লাহ আল জাবের

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, ঘটনার প্রধান আসামি গ্রেপ্তার হলেও হত্যাকাণ্ডে জড়িত পরিকল্পনাকারী ও সহযোগীদের অনেকেই এখনও গ্রেপ্তার হয়নি।

সোমবার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জাবের বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় বর্তমান প্রশাসনের ওপর সংগঠনের আস্থা নেই। তাই নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মাধ্যমে পৃথক তদন্তের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া হবে বলেও জানান।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কটূক্তি এবং পুলিশের আচরণ নিয়ে সৃষ্টি হওয়া বিভ্রান্তির কারণে বিচার প্রক্রিয়ার ওপর তাদের আস্থা কমে গেছে।

এদিকে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে প্রধান সন্দেহভাজন হিসেবে রয়েছেন ফয়সাল করিম মাসুদ।

ভারতের রাজ্য পুলিশ জানিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুইজনকে আদালতে তোলার পর ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।