শুক্রবার । মার্চ ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শেয়ার

আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে


mirza-abbas

ছবি: সংগৃহীত

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসকে দ্রুত দেশের বাইরে পাঠানোর এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, বৃহস্পতিবার রাতে অসুস্থ এই প্রবীণ নেতাকে হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সাথে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনায় তাঁর পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।