বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১২ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শেয়ার

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির


abbas-shafiqur

ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করেন।

হাসপাতালে অবস্থানকালে ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সাথে কথা বলেন। এ সময় তিনি মির্জা আব্বাসের চিকিৎসার সার্বিক খোঁজ নেন এবং প্রবীণ এই রাজনীতিকের শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন। ডা. শফিকুর রহমান তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

পরিদর্শনকালে জামায়াত আমিরের সঙ্গে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি এস এম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার পর মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরিস্থিতির উন্নতি না হওয়ায় গভীর রাতে তাঁকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকদের পরামর্শে সেখানে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল