শনিবার । মার্চ ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৪ মার্চ ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
শেয়ার

‘সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে’


Nahid-Islam

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

সংবিধান সংস্কার পরিষদ গঠন ও অধিবেশন আহ্বান প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করবে বিরোধী দল। এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর বিরোধীদল তাদের বক্তব্য তুলে ধরবে। এরপর সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান কী—তা সংসদেই জানতে চাওয়া হবে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে ১১ দলের বৈঠক শেষে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আগামীকালই বর্তমান সরকারের শেষ অধিবেশন হতে পারে।

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অংশ হিসেবে আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করা হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে ১১ দল। আগামী ২৮ মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকে আন্দোলনের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে জানতে চাওয়া হয়, সংবিধান সংস্কার কমিশন নিয়ে সভায় কোনো আলোচনা হয়েছে কি না। জবাবে তিনি জানান, বিষয়টি ওই দিনের কার্যসূচিতে ছিল না।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংস্কারের বিষয়টি সরকার সংসদের মাধ্যমেই নিষ্পত্তি করতে চায়।