সোমবার । মার্চ ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৬ মার্চ ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ন
শেয়ার

৪২ জেলা পরিষদে ‘দলীয় প্রশাসক’ নিয়োগে জামায়াতের প্রতিবাদ


jamat-logo

ফাইল ছবি

দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে অবিলম্বে প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছেন।

রোববার (১৫ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ ও দাবি জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশবাসী মনে করে, সদ্য গঠিত বিএনপি সরকার এই সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিলো।’ তিনি অভিযোগ করেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয় ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা চলছে, যা গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত।

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াত নেতা বলেন, বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে সংসদ নির্বাচন ও গণভোটের পর জনগণের প্রত্যাশা ছিল স্থানীয় সরকারেও জনপ্রতিনিধি নির্বাচিত হবে। এমন পরিস্থিতিতে দলীয় পদধারীদের প্রশাসক নিয়োগ করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তিনি আরও সন্দেহ প্রকাশ করেন যে, এটি স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র এবং একটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ হতে পারে।

মিয়া গোলাম পরওয়ার সতর্ক করে বলেন, জনগণের মতামত উপেক্ষা করে নেওয়া এই সিদ্ধান্ত সরকারের জন্যই বুমেরাং হবে। তিনি অবিলম্বে এই নিয়োগ বাতিল করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব অর্পণের জোর দাবি জানান। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।