
নিজে কোদাল হাতে মাটিতে নেমে এই কাজের সূচনা করেন প্রধানমন্ত্রী
নিজের নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষা করতে ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন’ কর্মসূচির ঐতিহাসিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় নিজে কোদাল হাতে মাটিতে নেমে এই কাজের সূচনা করেন তিনি। এর মাধ্যমে দেশের ৫৪টি জেলায় একযোগে শুরু হলো পুনখনন প্রক্রিয়া।
আজ সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে তিনি সরাসরি দিনাজপুরের কাহারোলে কর্মসূচিস্থলে যান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে এবং এই উন্নয়নমূলক কাজের সূচনায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দেয়।
সরকারের এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য হলো কৃষি সেচ সুবিধা নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। সরকারের পরিকল্পনা অনুযায়ী:
৫ বছরের লক্ষ্যমাত্রা: সারা দেশে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনখনন।
প্রথম পর্যায়: দেশের ৫৪টি জেলায় একযোগে এই বিশাল কার্যক্রম পরিচালিত হবে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই প্রকল্প সফল হলে দীর্ঘদিনের পানির সমস্যার সমাধান হবে এবং কৃষি উৎপাদনে অভাবনীয় সাফল্য আসবে। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন।








































