মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শেয়ার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী


Robiul _SETU

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত ও জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অভয় দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন এবং নারীদের জন্য নবনির্মিত একটি শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

জ্বালানি তেলের সংকট বা দাম বৃদ্ধি নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের জবাবে মন্ত্রী স্পষ্ট করে বলেন, “দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা সরকারের নেই।” তিনি আরও জানান, গত রাত থেকেই দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, তাই সাধারণ মানুষের উদ্বিগ্নের কোনো কারণ নেই।

ঈদের সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মন্ত্রী কড়া বার্তা দেন। তিনি বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। যদি কেউ বেশি ভাড়া আদায় করে, তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি উল্লেখ করেন যে, অনেক জায়গায় নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সড়ক নিরাপদ রাখতে ফিটনেসবিহীন কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন মন্ত্রী। তিনি জানান, সড়কে শৃঙ্খলা রক্ষায় বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।