
ফাইল ছবি
চলতি মার্চ মাসের প্রথম দুই সপ্তাহেই প্রবাসী আয় বা রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি দেখা গেছে। মাত্র ১৪ দিনেই দেশে এসেছে ২ বিলিয়নের বেশি মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, মার্চের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ২২০ কোটি ৪৪ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ হাজার কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩৭ কোটি ২৪ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়েছে ২৭ কোটি ২৮ লাখ ডলার।
সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে। এ খাতে এসেছে ১৫৫ কোটি ৪৫ লাখ ডলার। অন্যদিকে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪৫ লাখ ডলার।
এর আগে গত ফেব্রুয়ারি মাসেও রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য ছিল। ওই মাসে প্রবাসীরা মোট ৩০২ কোটি ১০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৬ হাজার কোটি টাকার বেশি।
সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের ধারাবাহিক রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিকে শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।








































