
ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধের কারণে তিনি তার পূর্ব নির্ধারিত চীন সফর প্রায় এক মাস পিছিয়ে দিতে চান। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, নির্ধারিত সময়সূচি পরিবর্তনের জন্য চীনের কাছে অনুরোধ জানানো হয়েছে।
আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের বেইজিং সফরের কথা ছিল। তবে চলমান ইরান যুদ্ধ তার বৈদেশিক নীতির অগ্রাধিকারকে বড়ভাবে প্রভাবিত করছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়েভিৎ বলেন, ট্রাম্প চীন সফরে যেতে আগ্রহী থাকলেও বর্তমানে তার প্রধান লক্ষ্য অপারেশন এপিক ফিউরি-এর সফলতা নিশ্চিত করা।
এদিকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যদি চীন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সহযোগিতা না করে, তবে বৈঠক আরও পিছিয়ে যেতে পারে। উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, সফর পিছোনোর মূল কারণ যুদ্ধ পরিস্থিতি সমন্বয় করা—চীনের সঙ্গে বাণিজ্য বা অন্য কোনো বিরোধ নয়।
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে, যেখানে বাণিজ্য ও তাইওয়ান ইস্যুর সঙ্গে নতুন করে যোগ হয়েছে মধ্যপ্রাচ্যের সংকট।









































