
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রির ধারাবাহিকতায় আজ বুধবার (১৮ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৮ মার্চের ট্রেনের টিকিট, যা এ কার্যক্রমের ষষ্ঠ দিন।
বরাবরের মতো এবারও যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে, ফলে ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে সম্প্রতি রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৩ মার্চ থেকে পর্যায়ক্রমে ২৩, ২৪ ও ২৫ মার্চের টিকিট বিক্রি শেষ হয়েছে। এছাড়া গত ১৬ মার্চ ২৬ মার্চের টিকিট এবং ১৭ মার্চ ২৭ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে। আগামীকাল ১৯ মার্চ পাওয়া যাবে ২৯ মার্চের ফিরতি টিকিট।
এদিকে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটও বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রার আগে সংশ্লিষ্ট প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট একবারে সর্বোচ্চ চারটি আসন পর্যন্ত কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরতযোগ্য নয়।










































