
ফাইল ছবি
ঢাকার আকাশে আকস্মিক বৈরি আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি পাঁচটি ফ্লাইট। পরে বিকল্প হিসেবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এসব ফ্লাইট।
বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ফ্লাইটগুলো ডাইভার্ট করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ডাইভার্ট হওয়া পাঁচটি ফ্লাইটের মধ্যে দুটি আন্তর্জাতিক এবং তিনটি অভ্যন্তরীণ রুটের ছিল।
চট্টগ্রাম বিমানবন্দর সূত্র জানায়, আন্তর্জাতিক ফ্লাইট দুটির মধ্যে ছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর সিঙ্গাপুর-ঢাকা ও মালে-ঢাকা রুটের বিমান। একই এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকা রুটের একটি ফ্লাইটও চট্টগ্রামে অবতরণ করে।
এ ছাড়া নভোএয়ার-এর সৈয়দপুর-ঢাকা রুটের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে নামতে বাধ্য হয়। অন্যদিকে এয়ার অ্যাস্ট্রা-এর চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট খারাপ আবহাওয়ার কারণে উড্ডয়নের কিছুক্ষণ পর আবার চট্টগ্রামেই ফিরে আসে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
সাময়িক এই বিভ্রাটের সময় যাত্রীদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।





































