বুধবার । মার্চ ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৮ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শেয়ার

সারাদেশে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস


Typhoon

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের ১৮টি এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এছাড়া নেত্রকোনায় ২৫ মিলিমিটার, দিনাজপুরে ১৬ মিলিমিটার ও ময়মনসিংহে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, চৈত্র মাসের এই সময়ে আবহাওয়ার এমন পরিবর্তন স্বাভাবিক এবং ঝড়-বৃষ্টির এই প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।