
দেশজুড়ে চলমান বৃষ্টিপাত আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এ বৃষ্টি হবে বিচ্ছিন্নভাবে, একটানা নয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের দিনেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগসহ মোট পাঁচটি বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। রাজধানী ঢাকাতেও বৃষ্টির আভাস রয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মার্চ ও এপ্রিল মাস সাধারণত কালবৈশাখীর মৌসুম হওয়ায় এ সময়ে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা বেশি থাকে। ঈদের দিন সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
তবে কোথাও অতিভারী বৃষ্টির আশঙ্কা নেই বলেও জানান তিনি। এক বা দুই দফায় স্বল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
তিনি আরও বলেন, সারা দেশে একযোগে বৃষ্টি হবে না; বরং সময় ও স্থানভেদে ভিন্ন ভিন্ন এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি।



































