
জনরোষ থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছেন বিটুল। ভিডিও থেকে নেয়া ছবি
পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদুল ফিতরের নামাজ শেষে মেলায় আসা অস্থায়ী দোকানগুলো থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে চাঁদা তোলার অভিযোগে বিটুল নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা।
শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতা ও ঈদের জামাতে আসা মুসল্লিরা বিটুল নামের ওই যুবককে ধাওয়া করছে এবং একপর্যায়ে তাকে ধরে গণপিটুনি দিচ্ছে। পরে জীবন বাঁচাতে ওই যুবক দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি বছর ঈদের দিন মেলা বসে। মাঠ পরিষ্কারের জন্য সামান্য কিছু টাকা আদায়ের নিয়ম থাকলেও এবার বিটুলসহ কয়েকজন যুবক প্রতিটি দোকান থেকে ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।
মেলায় আসা একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, মাত্রাতিরিক্ত চাঁদা দাবি করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। চাঁদা দিতে না চাওয়ায় কয়েকটি দোকান ভাঙচুর ও মালামাল লুট করা হয় বলেও ভুক্তভোগীরা জানান। একপর্যায়ে ব্যবসায়ীরা একজোট হয়ে বিটুলকে ধাওয়া দিলে গণপিটুনির ঘটনা ঘটে।
রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আযম জানান, কনসার্ট আয়োজনের নামে চাঁদা তুলতে তিনি আগেই নিষেধ করেছিলেন, কিন্তু সেই নিষেধ উপেক্ষা করেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে।
দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, মাঠ পরিষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঈদগাহ মাঠ কমিটির সভাপতি আব্দুল জব্বার স্পষ্ট জানিয়েছেন, ঈদগাহের ব্যয় নির্বাহের জন্য মেলা থেকে চাঁদা আদায়ের কোনো নিয়ম নেই এবং এই চাঁদাবাজির সঙ্গে কমিটির কোনো সম্পর্ক নেই।



































