সোমবার । মার্চ ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৯ মার্চ ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
শেয়ার

চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না জ্বালানি তেল


chuadanga-fuel-card

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়

চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহ ও বিক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে নির্দিষ্ট ‘ফুয়েল কার্ড’ ছাড়া ফিলিং স্টেশন থেকে তেল কেনা যাবে না। আগামী ১ এপ্রিল থেকে জেলাজুড়ে এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে।

রোববার (২৯ মার্চ) চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান এবং চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসানসহ পাম্প মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

আগামী ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় থেকে এই ফুয়েল কার্ড প্রদান করা হবে। কার্ড সংগ্রহের জন্য আবেদনকারীকে অবশ্যই ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন পেপার এবং এক কপি ছবি সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে। নির্ধারিত কাগজপত্র ছাড়া কোনোভাবেই কার্ড ইস্যু করা হবে না।

সভায় জানানো হয়, আগামীকাল সোমবার (৩০ মার্চ) থেকে জেলার সব তেল পাম্পে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত একযোগে তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। ১ এপ্রিল থেকে জ্বালানি তেল ক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত এই ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। কার্ড ছাড়া কোনো গ্রাহক পাম্প থেকে তেল সংগ্রহ করতে পারবেন না।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলের অপচয় রোধ এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ফুয়েল কার্ড সংগ্রহের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।