
অপু বিশ্বাস।
দুই দশকের ক্যারিয়ারে প্রায় দুইশ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সিনেমায় উপস্থিতি কমলেও তিনি এখন ব্যস্ত রয়েছেন বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট ও প্রচারণায়। সামাজিক মাধ্যমেও নিয়মিত সরব তিনি। বৃহস্পতিবার নিজের ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে ক্যারিয়ারযাত্রা, ভক্তদের ভালোবাসা এবং তাদের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন অপু।
পোস্টে তিনি লেখেন, দীর্ঘ পথচলায় ভক্তরা ছায়ার মতো পাশে থেকেছেন বলে তিনি চিরঋণী। অপু জানান, ভক্তরা তাকে শুধু একজন শিল্পী নয়, পরিবারের সদস্যের মতো ভালোবেসেছেন—আর এর পেছনে মূল কারণ তার কাজ, যা দিয়ে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
ভক্তদের প্রশংসা করে অপু বলেন, তারা শুধু সংখ্যায় নয়, শিক্ষায়-রুচিতে-আচরণে অনন্য। অপুর ভাষায়, “অপুর ভক্ত হওয়া মানেই আভিজাত্য ও শিষ্টাচারের মেলবন্ধন।” তিনি অনুরোধ করেন, কেউ যেন অহেতুক বিতর্ক বা কাদা–ছোড়াছুড়িতে না জড়ান।
তিনি আরও লেখেন, যারা নিজের কাজ দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যের পরিবার নিয়ে বাজে মন্তব্য করে; কিন্তু অপুর ভক্তদের ব্যক্তিত্ব এত উচ্চ যে এসব মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন নেই। পরিবার প্রসঙ্গে অপু জানিয়ে দেন, তার পরিবারই তার অহংকার এবং প্রমাণ করার মতো নতুন কিছু নেই। পাশাপাশি তিনি ছেলেও আব্রাহাম খান জয়ের প্রতি ভক্তদের স্নেহ ও মমতা বজায় রাখার অনুরোধ জানান।
শেষে অপু বিশ্বাস বলেন, “আমরা কোনো বিতর্কে নেই; আমরা আছি ভালোবাসা আর কাজের গৌরবে। আপনাদের এই মার্জিত রূপই আমার সবচেয়ে বড় শক্তি।”









































