
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন বাংলাদেশিসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে নিউ ইয়র্কের রাজধানী আলবেনি থেকে প্রায় ৩০ মাইল দূরে ৯-এইচ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কলম্বিয়া কাউন্টি শেরিফ জ্যাকি সালভাতোর জানান, মহাসড়কে একটি টয়োটা প্রিয়াস এবং টয়োটা ক্রাউনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টয়োটা প্রিয়াসে থাকা চালক নাজমুল রুবেল (২৯), তার বাবা মোহাম্মদ হিরামন (৬০) এবং রুবেলের বন্ধু ফাহিম হালিম (২৫) ঘটনাস্থলেই মারা যান।

একই গাড়িতে থাকা ফাতেমা আকতার রত্না (৩৩) ও তার এক বছর বয়সী শিশুসন্তান ইকরা গুরুতর আহত অবস্থায় আলবেনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, টয়োটা ক্রাউনে থাকা মার্কিন নাগরিক জুলিয়া রিচি (৬২) ঘটনাস্থলেই নিহত হন এবং ওই গাড়ির চালক লুকা পেলভেনিয়ান আহত হয়েছেন।
নিহত ও আহত বাংলাদেশিরা নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের বাসিন্দা। নাজমুল রুবেলের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। এই মর্মান্তিক মৃত্যুতে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় বাদ জোহর ব্রঙ্কসের বায়তুল আমান ইসলামিক সেন্টারে নিহতদের জানাজা শেষে তাদের নিউ জার্সির মার্লবরো মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে। পুলিশ এই দুর্ঘটনার তদন্ত করছে এবং এ বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে তা কলম্বিয়া কাউন্টি শেরিফকে জানাতে অনুরোধ করা হয়েছে।









































