
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ঘোড়াউত্রা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় আপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাটুলী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আপন বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ঘাট এলাকায় অবস্থান করছিলেন আপন। এ সময় নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, ফেরিতে ওঠার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকচাপায় ওই যুবকের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। ওসি আরও জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।









































