
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরিফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে এক কথিত পীরকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর এলাকায় অবস্থিত তার নিজ আস্তানায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা আস্তানায় ব্যাপক ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। নিহত শামীম ওই এলাকার সামসুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, শামীম রেজা নিজেকে ‘জাহাঙ্গীর সুরেশ্বরী’র অনুসারী দাবি করে দীর্ঘ ৫-৬ বছর ধরে বিতর্কিত মতবাদ প্রচার করে আসছিলেন। সম্প্রতি তিনি পবিত্র কোরআন নিয়ে চরম অবমাননাকর মন্তব্য করেন, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার দুপুর ১টার দিকে শত শত বিক্ষুব্ধ মানুষ তার আস্তানা ঘেরাও করে হামলা চালায়। উত্তেজিত জনতা আস্তানার একাধিক কক্ষে আগুন ধরিয়ে দেয় এবং ভেতরে থাকা শামীম ও তার দুই অনুসারীকে এলোপাতাড়ি পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শামীম রেজার মৃত্যু হয়।
অভিযোগ রয়েছে, এই কথিত পীর নিজেকে কখনও আল্লাহ, কখনও নবী আবার কখনও ভগবান দাবি করতেন। সেই সাথে ইসলামের মৌলিক ইবাদতের বিরোধিতা করতেন। এর আগেও ২০২১ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তিনি গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছিলেন। ব্যক্তিগত জীবনে উচ্চশিক্ষিত শামীম একসময় শিক্ষকতা পেশায় যুক্ত থাকলেও পরে আস্তানা গড়ে তুলে বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।













































