
ফাইল ছবি
গাজায় ইসরায়েলি বাহিনীর দীর্ঘমেয়াদী ও অব্যাহত হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে ৭২ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার এবং নতুন করে হামলা অব্যাহত থাকায় এই সংখ্যা ক্রমেই বাড়ছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৭২ হাজার ৫৪৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এই দীর্ঘ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ২৭৪ জন।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’র প্রতিবেদন অনুযায়ী, গত ৩৬ ঘণ্টায় নতুন করে আরও আটটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে, যার মধ্যে সাতজন সরাসরি হামলায় নিহত এবং একজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, গত ১০ অক্টোবর ‘যুদ্ধবিরতি’ ঘোষিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৭৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন ২ হাজার ১৭১ জন। উদ্ধারকারী দলগুলো গত কয়েক দিনে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নিচ থেকে ৭৬১টি মরদেহ উদ্ধার করেছে, যা যুদ্ধবিরতি চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।
গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সংকট ও ইসরায়েলি বাধার কারণে উদ্ধার কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। অনেক ভিকটিম এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অথবা রাস্তায় পড়ে আছেন, যেখানে উদ্ধারকারী দলগুলো পৌঁছাতে পারছে না।







































