বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ৩০ এপ্রিল ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন
শেয়ার

বাহরাইনে ৮ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক, উৎকণ্ঠায় পরিবার


babul

ছবি: সংগৃহীত

বাহরাইনে কর্মস্থলে গিয়ে আট দিন ধরে নিখোঁজ রয়েছেন শামসুল আলম বাবুল (৩৮) নামে এক বাংলাদেশি যুবক। গত ২২ এপ্রিল মধ্যরাতের পর থেকে তার কোনো খোঁজ মিলছে না। এ ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ বাবুল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের বাসিন্দা। তিনি বাহরাইনে একটি ফুড ডেলিভারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং পরিবারের প্রধান উপার্জনকারী সদস্য ছিলেন। তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

সহকর্মী ও রুমমেটদের তথ্যমতে, ২২ এপ্রিল রাতে বাহরাইনের জল্লাক এলাকায় একটি ডেলিভারি শেষ করার পর থেকেই তিনি নিখোঁজ হন। সাধারণত কাজের সময় মোবাইল ফোন সচল রাখলেও ওই রাত থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এরপর থেকেই সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোনো সন্ধান মেলেনি।

ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে তার ব্যবহৃত গাড়িটির নিখোঁজ হওয়া। ডেলিভারি কাজে ব্যবহৃত সেই গাড়িরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

বন্ধুর এমন নিখোঁজ হওয়ার ঘটনায় তার বাল্যবন্ধু মোহাম্মদ মুরাদ বাহরাইনের বিভিন্ন স্থানে খোঁজ নেন। পরে কোনো তথ্য না পেয়ে দেশটির ইস্ট রিফা পুলিশ স্টেশনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও বিষয়টি জানানো হয়েছে।

নিখোঁজ বাবুলের সহকর্মীরা আশা করছেন, বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে বাবুলের সন্ধান পাওয়া সম্ভব হবে।