
গতিজড়তা
এতদিন গানপোকার গানগুলো শ্রোতাদের মুখে মুখে ফিরলেও সেগুলোর কোনো অফিশিয়াল স্টুডিও ভার্সন বা রেকর্ড ছিল না। সেই অভাব দূর করতে ১ মে ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে তাদের নতুন গান ‘গতিজড়তা’।
ব্যান্ডের সদস্যরা নিজেদের ‘গানের শ্রমিক’ হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। তাই শ্রমজীবী মানুষের প্রতি সংহতি প্রকাশ করতেই এই বিশেষ দিনটিকে তারা বেছে নিয়েছেন। ‘পতনের প্রবাহতে বুকভাঙা গান’ স্লোগানকে ধারণ করে পথচলা এই ব্যান্ডের নতুন গানের কথা লিখেছেন কবি চঞ্চল মাহমুদ। ভিডিওটি নির্মাণ করেছেন মাহমুদুল হাসান এবং অ্যানিমেশন করেছেন আলভী।
বর্তমান সময়ের ট্রেন্ড অনুযায়ী পূর্ণাঙ্গ অ্যালবামের বদলে ধারাবাহিকভাবে মিউজিক ভিডিও প্রকাশের পরিকল্পনা নিয়েছে গানপোকা। ‘গতিজড়তা’ তাদের আসন্ন অ্যালবামের প্রথম গান। ব্যান্ডের ম্যানেজার নাসিবুর জীমান জানান, প্রতিটি গান আলাদাভাবে মিউজিক ভিডিও আকারে অনলাইনে উন্মুক্ত করা হবে।

গানপোকার গানের মূল বৈশিষ্ট্য হলো দোতারা নির্ভর সুর। ব্যান্ডের ভোকাল ও সুরকার রশিদুজ্জামান রাশেদ জানান, গানের গভীরতা নিশ্চিত করতে তারা প্রতিটি গানের পেছনে দীর্ঘ সময় ব্যয় করেছেন। বর্তমানে দলটির ঝুলিতে ১০-১২টি মৌলিক গান রয়েছে। স্টুডিও ভার্সন না থাকায় অনেক ক্ষেত্রে কপিরাইট জটিলতা তৈরি হয়েছে এবং অন্য অনেকে তাদের গান নিজেদের নামে প্রচার করার চেষ্টা করেছেন। সেই সমস্যা এড়াতেই এখন অফিশিয়াল রেকর্ডিংয়ের পথে হাঁটছে ব্যান্ডটি।
এই নতুন অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে ব্যান্ডের প্রয়াত দুই সহযোদ্ধা—‘আমবাগানে’ গানের গীতিকবি মাহমুদ হাসান তারেক এবং ‘নদী’ গানের গীতিকার হাসনাত প্রধানকে।
গানে ও খমকে রয়েছেন মিথুন হাসান; ভোকাল ও দোতারায় রশিদুজ্জামান রাশেদ; দোতারায় রওশন কবির বিপুল; গিটারে অনিন্দ্য বিশ্বাস; বেজ গিটারে আব্দুল্লাহ আল নোমান; ড্রামসে বেনাম চন্দ্র বর্মণ ও রামানুজ চক্রবর্তী অপু এবং পারকেশনে নাজমুল নিশান।









































