শুক্রবার । মে ১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১ মে ২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

ইরানে নতুন হামলার আশঙ্কায় জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি


oil

ছবি: সংগৃহীত

ইরানে নতুন করে হামলার আশঙ্কা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড উত্থান দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য সামরিক পরিকল্পনা নিয়ে ব্রিফিং দেওয়া হবে— এমন খবরে ব্রেন্ট ক্রুড তেলের দাম একপর্যায়ে প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়িয়ে যায়, যা চার বছরের মধ্যে সর্বোচ্চ। যদিও দিনের শেষে তা কিছুটা কমে ১১৪ ডলারে নেমে আসে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, আলোচনা স্থবির হয়ে পড়ায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে ‘স্বল্পমেয়াদি কিন্তু শক্তিশালী’ বিমান হামলার পরিকল্পনা তৈরি করেছে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে সেখানে সেনা পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ ও অবরোধের কারণে এই রুট বন্ধ থাকায় জ্বালানির বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ভোক্তাদের ওপর।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন করে হামলা হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা লাগতে পারে। এতে শুধু জ্বালানি নয়, খাদ্যপণ্য ও উড়োজাহাজ ভাড়াও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে ট্রাম্প তেল খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করেছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে। ইতোমধ্যে এশিয়ার শেয়ারবাজারগুলোতেও বড় ধরনের পতনের ইঙ্গিত দেখা যাচ্ছে।

সূত্র: বিবিসি