সোমবার । মে ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৪ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শেয়ার

দেশে পৌঁছেছে লিমনের মরদেহ


limon

জামিল আহমেদ লিমন

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত দুই মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ সোমবার সকালে দেশে এসে পৌঁছেছে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ।

অন্যদিকে, নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী বুধবার জানাজা শেষে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

আজ সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লিমনের মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে উচ্চতর গবেষণা করছিলেন।

এই মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হওয়া অন্য শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী মুখ ছিলেন। আগামী বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন, বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। সেই অনুযায়ী ওয়াশিংটন ডিসির দূতাবাস এবং মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে কাজ শুরু করেছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। এর আটদিন পর ২৪ এপ্রিল পুলিশ জামিলের মরদেহ উদ্ধার করে এবং ফরেনসিক পরীক্ষার পর ৩০ এপ্রিল বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়। এই জোড়া হত্যাকাণ্ডের অভিযোগে জামিলের রুমমেট হিশাম আবুঘেরহেকে গ্রেফতার করেছে পুলিশ।

হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথি থেকে জানা গেছে, জামিল আহমেদ লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত হিশামের বিরুদ্ধে ইতিমধ্যে দুটি ‘প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যা’র অভিযোগ আনা হয়েছে। দুই কৃতি সন্তানের এমন আকস্মিক ও নৃশংস মৃত্যুতে পরিবারসহ দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।